Friday, July 10, 2026
কাঁটাতারের বাইরে বসবাসরত ভারতীয় নাগরিকদের পুনর্বাসনের দাবি: কেন্দ্র ও রাজ্য সরকারের হস্তক্ষেপ চাইলেন মালেগড় ব্লক কংগ্রেস সভাপতি মাওলানা আব্দুল ওয়ারিসকরিমগঞ্জ (শ্রীভূমি), আসাম: আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের বেড়ার বাইরে বসবাসরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা, মানবিক মর্যাদা ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবিতে কেন্দ্র ও অসম সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন মালেগড় ব্লক কংগ্রেস কমিটির সভাপতি মাওলানা আব্দুল ওয়ারিস।এক বিবৃতিতে তিনি বলেন, করিমগঞ্জ জেলার আন্তর্জাতিক সীমান্তবর্তী অঞ্চলে আজও বহু ভারতীয় পরিবার কাঁটাতারের বেড়ার বাইরে বসবাস করতে বাধ্য হচ্ছে। তাঁর দাবি, এসব পরিবার প্রতিদিন নিরাপত্তাহীনতা, অনিশ্চয়তা এবং বিভিন্ন মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত অবস্থায় জীবনযাপন করছে।মাওলানা আব্দুল ওয়ারিসের মতে, এটি কেবল সীমান্ত ব্যবস্থাপনার বিষয় নয়; বরং দেশের নাগরিকদের সাংবিধানিক অধিকার, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু।তিনি বলেন,"দেশের সীমান্ত সুরক্ষার স্বার্থে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়েছে। কিন্তু সেই বেড়ার বাইরে নিজের দেশের নাগরিকদের অনিশ্চয়তার মধ্যে রেখে দেওয়া কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কাম্য হতে পারে না। রাষ্ট্রের প্রথম দায়িত্ব তার নাগরিকের জীবন, নিরাপত্তা, মর্যাদা এবং মৌলিক অধিকার নিশ্চিত করা।"তিনি আরও উল্লেখ করেন, বেড়ার বাইরে বসবাসরত পরিবারগুলোকে দৈনন্দিন প্রয়োজনেও নানা ধরনের বিধিনিষেধের সম্মুখীন হতে হয়। দেশের অভ্যন্তরে যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত নিয়ম মেনে চলতে হয়। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষিকাজ, ব্যবসা-বাণিজ্য, জরুরি চিকিৎসা এবং অন্যান্য মৌলিক পরিষেবা গ্রহণেও তাঁদের নানাবিধ সমস্যার মুখোমুখি হতে হয় বলে তিনি দাবি করেন।এই পরিস্থিতিতে তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন—- কাঁটাতারের বাইরে বসবাসরত সকল ভারতীয় পরিবারের দ্রুত ও স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।- পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁদের জন্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, বিদ্যুৎ, বিশুদ্ধ পানীয় জল, রাস্তা ও অন্যান্য মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে।- ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বিশেষ পুনর্বাসন প্যাকেজ এবং উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।- সীমান্তবাসীর মানবাধিকার ও সাংবিধানিক অধিকার সুরক্ষায় কেন্দ্র ও রাজ্য সরকারকে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।মাওলানা আব্দুল ওয়ারিস বলেন, "একটি দেশের প্রকৃত শক্তি শুধু তার সীমান্ত সুরক্ষায় নয়, বরং সেই সীমান্তে বসবাসরত নাগরিকদের নিরাপত্তা, সম্মান ও আস্থার মধ্যেই নিহিত। সীমান্তবাসীর দুর্ভোগ দূর করে তাঁদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।"তিনি দল-মত নির্বিশেষে সকল জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সীমান্তবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।"কাঁটাতারের বাইরে নয়—নিজের মাতৃভূমিতে নিরাপদ, সম্মানজনক ও মর্যাদাপূর্ণ জীবনই হোক প্রতিটি ভারতীয় নাগরিকের অধিকার,"—এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি দ্রুত কার্যকর সরকারি উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment