করিমগঞ্জ, ২৬ জুলাই: উত্তর-পূর্ব ভারত এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত তামীরের অধীন করিমগঞ্জ জেলার শেরুলবাগ-লাফাশাইল আঞ্চলিক নদওয়া ও যুব নদওয়ার সাধারণ সভা আজ অত্যন্ত সুশৃঙ্খল, সৌহার্দ্যপূর্ণ ও দ্বীনি পরিবেশে অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার সূচনা হয় এবং বিশ্বশান্তি, মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ-জাতির সমৃদ্ধি ও সংগঠনের উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন করিমগঞ্জ জেলার প্রবীণ শিক্ষাবিদ ও জেলা মুল্লাক্কিন মাস্টার আব্দুল মজিদ সাহেব। বিশেষ পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব ভারত এমারতে শরয়ীয়াহর আমিরে শরীয়ত সাহেবের সাহেবজাদা মাওলানা এসামুদ্দিন আহমদ সাহেব এবং ফকিরাবাজার আঞ্চলিক নদওয়ার সাংগঠনিক সম্পাদক মাস্টার শামসুল হক চৌধুরী সাহেব।
সভায় দীর্ঘ আলোচনা ও সর্বসম্মতিক্রমে ১৭ সদস্যবিশিষ্ট শেরুলবাগ-লাফাশাইল আঞ্চলিক নদওয়া কমিটি পুনর্গঠন করা হয়। এতে জনাব আবুল কালাম সাহেব পুনরায় সভাপতি, জনাব জালালউদ্দিন সাহেব সহ-সভাপতি, মাওলানা দিলওয়ার হোসেন সাহেব সম্পাদক, মোহাম্মদ ফয়সাল আহমদ সাহেব সহ-সম্পাদক এবং মাওলানা আব্দুর রহমান কায়েস সাহেব প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এছাড়াও পদাধিকারবলে আঞ্চলিক কাজীয়ে শরীয়ত, আঞ্চলিক মুল্লাক্কিনসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গ কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন। সভায় মাওলানা জাবির আহমদ সাহেব-কে আঞ্চলিক মক্তব পরিদর্শক হিসেবে মনোনীত করা হয়।
পরবর্তীতে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট শেরুলবাগ-লাফাশাইল আঞ্চলিক যুব নদওয়া কমিটি গঠন করা হয়। এতে মাওলানা জাবির হোসেন সাহেব সহ-সভাপতি এবং মাওলানা মুফতি আহরারুজ্জামান সাহেব সম্পাদক হিসেবে মনোনীত হন। পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও যোগ্য ও নিবেদিতপ্রাণ কর্মীদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সভায় আঞ্চলিক নদওয়া কমিটির পক্ষ থেকে ৫ জন এবং যুব নদওয়ার পক্ষ থেকে ৩ জনকে জেলা প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়।
সভায় আঞ্চলিক কাজীয়ে শরীয়ত মাওলানা আব্দুল ওয়ারিস সাহেব সংগঠনের ইতিহাস, আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরে বলেন, দ্বীনি শিক্ষা, সামাজিক ঐক্য, নৈতিক মূল্যবোধ এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করতে নদওয়াতুত তামীরের কার্যক্রমকে গতিশীল করা সময়ের দাবি। তিনি সকলকে পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে সংগঠনের দায়িত্ব পালনের আহ্বান জানান।
জেলা মুল্লাক্কিন মাস্টার আব্দুল মজিদ সাহেব তাঁর বক্তব্যে সংগঠনের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে বিশেষভাবে তাযকিয়াতুন নাফস (আত্মশুদ্ধি)-এর গুরুত্বের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, আত্মশুদ্ধির মাধ্যমেই একজন কর্মী আদর্শবান মানুষে পরিণত হন এবং আদর্শবান মানুষই একটি আদর্শ সমাজ নির্মাণে কার্যকর ভূমিকা রাখতে পারেন।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন সাহেবজাদা মাওলানা এসামুদ্দিন আহমদ সাহেব, মাস্টার শামসুল হক চৌধুরী সাহেব, বিদায়ী সম্পাদক মাস্টার ফয়সাল হোসেন সাহেব, মাওলানা নুরুল ইসলাম সাহেবসহ উপস্থিত অন্যান্য আলেম, শিক্ষাবিদ ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত আঞ্চলিক নদওয়া ও যুব নদওয়া কমিটি দ্বীনি শিক্ষা, মক্তব কার্যক্রম, নৈতিক চরিত্র গঠন, সমাজ সংস্কার এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা পালন করবে। তারা সংগঠনের সকল স্তরের সদস্যদের ঐক্য, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।