করিমগঞ্জ, ৪ আগস্ট: সম্প্রতি উজান আসামে সংঘটিত ভয়াবহ বন্যায় অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মানবিক এই দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে উত্তর-পূর্ব ভারত এমারতে শরয়ীয়াহ ও নদওয়াতুত্ তামীরের করিমগঞ্জ জেলা নদওয়া এবং করিমগঞ্জ জেলা যুব নদওয়ার উদ্যোগে জেলার সর্বস্তরের জনসাধারণের প্রতি আন্তরিক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত করিমগঞ্জ জেলা নদওয়া ও জেলা যুব নদওয়ার যৌথ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ইতোমধ্যে চলমান ত্রাণ সংগ্রহ কার্যক্রমকে আরও বেগবান করতে আগামীকাল থেকে জেলার গুরুত্বপূর্ণ বাজারসমূহে গণ-সংগ্রহ (চাঁদা কালেকশন) কর্মসূচি পরিচালিত হবে। সংগঠনের পক্ষ থেকে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে উদারহস্তে আর্থিক সহযোগিতা করার জন্য আন্তরিক আবেদন জানানো হয়েছে, যাতে সংগৃহীত অর্থ দ্রুত বন্যাদুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।
সভায় উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা নদওয়ার সাধারণ সম্পাদক মাওলানা এ.টি.এম. জাকারিয়া কাসিমী, করিমগঞ্জ জেলা যুব নদওয়ার সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দীন, জেলা নাদওয়ার প্রচার সম্পাদক অ্যাডভোকেট হোসেন আহমদ চৌধুরী, মাওলানা আব্দুল ওয়ারিস, মাওলানা নজরুল ইসলাম, মুফতি রশীদ আহমদ কাসিমীসহ জেলা ও আঞ্চলিক পর্যায়ের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল লক্ষ্মীবাজার ও ফকিরাবাজারে গণ-সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হবে। পাশাপাশি জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাতেও পর্যায়ক্রমে একই কর্মসূচি পরিচালিত হবে।
করিমগঞ্জ জেলা নদওয়া ও জেলা যুব নদওয়ার পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল আঞ্চলিক কমিটির কর্মকর্তা, সদস্য ও কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে যে, তাঁরা যেন আগামীকাল বিকেল সাড়ে ৩টায় নিজ নিজ নির্ধারিত স্থানে যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করে তোলেন। একই সঙ্গে জেলার সর্বস্তরের জনসাধারণের প্রতিও আহ্বান জানানো হয়েছে—মানবতার এই মহৎ উদ্যোগে সামর্থ্য অনুযায়ী দান-সহযোগিতার মাধ্যমে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
No comments:
Post a Comment